বিএনপির নির্বাচনি ইশতেহার ৬ ফেব্রুয়ারি

বিএনপির নির্বাচনি ইশতেহার ৬ ফেব্রুয়ারি
বিএনপির নির্বাচনি ইশতেহার ৬ ফেব্রুয়ারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে বিএনপি নির্বাচনি ইশতেহার প্রকাশের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেছে। দলটির পক্ষ থেকে জানানো হয়, আগামী শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিক ভাবে জাতির সামনে তুলে ধরা হবে বিএনপির দীর্ঘমেয়াদি উন্নয়ন রূপরেখা ও জনকল্যাণ ভিত্তিক নির্বাচনি ইশতেহার।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা.মওদুদ হোসেন আলমগীর পাভেল।

এর আগে এক বিশেষ সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র এবং দলীয় চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন জানান, ইশতেহার প্রণয়নের তাত্ত্বিক কাঠামো ও বাস্তবভিত্তিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

তিনি আরো বলেন, বিএনপি একটি গণমানুষের দল। দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছে। সাধারণ মানুষের সমস্যা-প্রত্যাশা ও প্রস্তাবনাকে গুরুত্ব দিয়ে ইশতেহার চূড়ান্ত করা হয়েছে। দলটি মনে করে, এই ইশতেহার দেশের রাজনীতিতে একটি নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করবে।

মাহদী আমিন আরো জানান, বিএনপির ঘোষিত রাষ্ট্র সংস্কারের (‘৩১ দফা’ ও ‘২৭ দফা’) কর্মসূচিকে ভিত্তি করে দেশব্যাপী পরিচালিত বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমের অভিজ্ঞতা এই ইশতেহারে প্রতিফলিত হয়েছে। পাশাপাশি তৃণমূল পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশেষভাবে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, সুশাসন প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের বিষয়গুলো এবারের নির্বাচনি ইশতেহারে গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *