স্টাফ রিপোর্টার | সুতিয়া নিউজ:
কোরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (৫ অক্টোবর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. চাঁদ আলী আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে অপূর্ব পালের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আবেদনে বলা হয়, আসামি কোরআন অবমাননার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, তিনি মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র গ্রন্থ কুরআন শরীফ হাত থেকে ফেলে পদদলিত করেন, যা ধর্মীয় বিশ্বাসকে গভীরভাবে আঘাত করেছে।
তদন্ত কর্মকর্তা আরও উল্লেখ করেন, মামলার তদন্ত এখনো চলমান। প্রয়োজনে আসামিকে পরবর্তীতে রিমান্ডে নেওয়া হতে পারে। জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার আশঙ্কা থাকায় তাকে কারাগারে রাখা জরুরি বলে আদালতে উল্লেখ করা হয়।
এর আগে, গত ৪ অক্টোবর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপূর্ব পালের বিরুদ্ধে কোরআন অবমাননার অভিযোগে একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওগুলো ভাইরাল হলে বিভিন্ন মহল থেকে তার গ্রেপ্তার ও শাস্তির দাবি ওঠে।
পরে রাত ১টার দিকে ভাটারা থানার বারিধারা ডিওএইচএস সংলগ্ন এলাকায় অপূর্ব পালের বাসার সামনে উত্তেজিত জনতা জড়ো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে এক পর্যায়ে জনতা অপূর্ব পালের ওপর হামলা চালায়।
পুলিশ পরে আহত অবস্থায় অপূর্ব পালের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরদিন ভাটারা থানার এসআই মো. চাঁদ আলী বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা দায়ের করেন।
উল্লেখ্য, ঘটনাটি কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে, তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।