জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার, ছাত্রী আটক

ছাত্রদলের আহ্বায়ক সদস্য জুবায়েদ হোসাইনের লাশ উদ্ধার
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা মামলা, বর্ষা ও মাহির স্বীকারোক্তি

স্টাফ রিপোর্টার | ঢাকা | রোববার, ১৯ অক্টোবর ২০২৫

পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জুবায়েদ হোসাইনের (২৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ছুরিকাঘাতে নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে টিউশনিতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “জুবায়েদ হোসাইন ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তার টিউশনের বাসাটি ওই গলিতেই ছিল। মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা তদন্ত করছি।”

এ ঘটনার পর রাত ১১টা ২০ মিনিটের দিকে নিহতের ছাত্রী বর্ষা আক্তারকে রাজধানীর বংশালের নূর বক্স রোডের ‘রৌশান ভিলা’ নামের বাসা থেকে আটক করেছে পুলিশ। বর্ষার পরিবারের অন্যান্য সদস্যদেরও নজরদারিতে রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ তাজাম্মুল হক বলেন, “ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ছুরিকাঘাতের ঘটনা।”

নিহত জুবায়েদ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। তিনি জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য এবং কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ছিলেন।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর মিডফোর্ট হাসপাতালে পাঠিয়েছে।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, “ইতোমধ্যে সন্দেহভাজন কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। আমরা প্রশাসনকে পুরো বিল্ডিং তদন্তের আহ্বান জানিয়েছি। দ্রুত অপরাধীদের বিচার চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *