সুতিয়া ডেস্কঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের উদ্যোগে সাত দিনব্যাপী শুরু হয়েছে ‘১০ম বার্ষিক নাট্যোৎসব ২০২৬’।
সোমবার ০২রা ফেব্রুয়ারি (দুপুরে) পুরাতন কলা ভবনের সামনে অবস্থিত জিয়া হায়দার ল্যাবে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে নাট্যোৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড.মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত শারমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের বিভাগীয় প্রধান ড.ইসমত আরা ভূঁইয়া (ইলা)। সঞ্চালনার দ্বায়িত্বে ছিলেন নাট্যকলা ও পরিবেশনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাজহারুল হোসেন তোকদার।
নাট্যোৎসব উপলক্ষে বিশ্ববিদ্যালয় চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন কলা ভবনে এসে শেষ হয়।
সাত দিনব্যাপী এই নাট্যোৎসবে প্রতিদিন ০২টি করে মোট ১৪টি নাটক মঞ্চস্থ হবে। প্রতিদিন সন্ধ্যা ০৬টা এবং রাত সাড়ে ০৮টায় নাটক পরিবেশন করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নাট্যপ্রেমীদের অংশগ্রহণে এবারের নাট্যোৎসব প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা আয়োজকদের।