নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তাদের দল সরকার গঠন করলে বিএনপির আমলে সংঘটিত দুর্নীতির বিচার করা হবে।
মঙ্গলবার রাজধানীতে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে মিডিয়া সেল আয়োজিত ‘মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে রাষ্ট্র গঠনের ব্যর্থতার অনিবার্য পরিণতি: নভেম্বর, ১৯৭৫’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,
“বিএনপি চাঁদাবাজি, মাস্তানি, দুর্নীতি—সবকিছুতেই চ্যাম্পিয়ন। এগুলো ক্ষমার অযোগ্য অপরাধ, এগুলোর বিচার হবেই। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি যে দুর্নীতি করেছে, সেটি আমরা ক্ষমতায় এলে বিচারের আওতায় আনব।”
তিনি আরও বলেন,
“শেখ হাসিনা সরকার এত ভুল করেছে যে বিএনপির দুর্নীতি অনেকটাই আড়ালে চলে গেছে। কিন্তু আমরা যদি সরকার গঠন করি, কেউ অপরাধ করে ছাড় পাবে না।”
বিএনপির ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন,
“বিএনপির মৃত্যুঘণ্টা বেজে গেছে। লন্ডনের চুক্তি অনুযায়ী তারা যদি ক্ষমতায় আসে, এনসিপির মাধ্যমেই তাদের পতন ঘটবে। খালেদা জিয়ার পাশে সবসময় দুর্নীতিবাজরাই ছিল।”
তবে তিনি জানান,
“যদি বিএনপি সংস্কার বাস্তবায়নে আগ্রহ দেখায়, এনসিপি কিছু সুযোগ দিতে রাজি।”
জিয়াউর রহমান সম্পর্কে মত প্রকাশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,
“জিয়াউর রহমান একজন ভাগ্যবান মানুষ ছিলেন। অর্থনৈতিক উন্নয়নে তার কিছু অবদান রয়েছে, তবে রাজনৈতিক পুনর্গঠনে তিনি ব্যর্থ ছিলেন। সে সময় বাংলাদেশকে নতুনভাবে পুনর্গঠনের সুযোগ ছিল, যা তিনি কাজে লাগাতে পারেননি।”
এ সময় নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রশংসা করে তিনি বলেন,
“জোটবদ্ধ দলগুলোকে নিজস্ব প্রতীকেই নির্বাচনে অংশ নেওয়ার যে নিয়ম করা হয়েছে, তাতে প্রতীক বিক্রির ব্যবসা বন্ধ হবে। এজন্য আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই।”
এ ছাড়া তিনি জামায়াতে ইসলামীকে ধর্মের নামে রাজনীতি না করার আহ্বান জানান।










