সুতিয়া ডেস্কঃ নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬–এর প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হয়েছে। আজ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামীকাল ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হচ্ছে প্রার্থীদের প্রচার-প্রচারণা।
নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহঃস্পতি বার) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালটের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোটের ভোটগ্রহণ একসাথে শেষ করা হবে।
প্রার্থীতা প্রত্যাহারের পরের কার্যক্রম সম্পর্কে ইসির পরিপত্রে বলা হয়েছে, প্রার্থীতা প্রত্যাহারের পরদিন অর্থাৎ ২১ জানুয়ারি ২০২৬ তারিখে অংশগ্রহনকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ এবং নামের তালিকা প্রকাশ করতে হবে। আইন ও নিয়ম অনুযায়ী নির্ধারিত ফরম-৫ এ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম বাংলা বর্ণানুক্রমে সাজিয়ে প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এবারের নির্বাচনের উল্লেখযোগ্য দিক হলো, জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের পাশাপাশি একই সময়ে পৃথক ব্যালটে গণভোট গ্রহণ করা হবে।
ইসির বর্তমান তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ০৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ০৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ০১ হাজার ২৩৪ জন।










