ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আজ প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন

সুতিয়া ডেস্কঃ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আজ মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬)। বুধবার (২১ জানুয়ারি) অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

নির্বাচন কমিশন জানায়, আজকের মধ্যেই প্রার্থীতা প্রত্যাহার প্রক্রিয়া শেষ হবে। এর পর নির্বাচনী জোট বা প্রার্থী সংক্রান্ত কোনো বিষয়ে পরিবর্তন বা পরিবর্ধনের সুযোগ থাকবে না এবং ২২ জানুয়ারি থেকে প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হবে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেদিন সকাল সাড়ে ০৭টা থেকে বিকাল ৪:৩০ মিনিট পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট দেয়া হবে।

প্রার্থিতা প্রত্যাহার সংক্রান্ত নির্দেশনা

নির্বাচন কমিশনের পরিপত্রে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ- ১৯৭২ অনুযায়ী বৈধভাবে মনোনীত কোনো প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে নিজে অথবা লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং অফিসারের কাছে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করতে পারবেন।

কোনো নির্বাচনী এলাকায় একটি নিবন্ধিত রাজনৈতিক দল একাধিক প্রার্থী মনোনয়ন দিলে, সে ক্ষেত্রে দলের সভাপতি, সাধারণ সম্পাদক বা সমমর্যাদার পদধারী ব্যক্তির স্বাক্ষরিত লিখিত পত্রের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী সম্পর্কে রিটার্নিং অফিসারকে অবহিত করতে হবে। এ ক্ষেত্রে অন্যান্য মনোনীতরা আর প্রার্থী হিসেবে গণ্য হবেন না।

নির্বাচন কমিশন জানিয়েছে, একবার প্রার্থিতা প্রত্যাহারের নোটিশ বা দলীয় চূড়ান্ত মনোনয়ন দেওয়া হলে তা আর পরিবর্তন বা বাতিল করা যাবে না।

রিটার্নিং অফিসার স্বাক্ষরের সত্যতা যাচাই শেষে নোটিশের একটি অনুলিপি সংশ্লিষ্ট কার্যালয়ের দৃশ্যমান স্থানে প্রদর্শনের ব্যবস্থা করবেন।

প্রতীক বরাদ্দ ও প্রার্থী তালিকা

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, ২১ জানুয়ারি ২০২৬ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। একই দিনে নির্ধারিত ফরম-৫ অনুযায়ী বাংলা বর্ণানুক্রমে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে।

আপিল নিষ্পত্তির তথ্য

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। এর মধ্যে ৪২৫টি আপিল মঞ্জুর, ২০৯টি বাতিল এবং ১১টি আপিল প্রত্যাহার করা হয়েছে।

০৫ জানুয়ারি থেকে ০৯ জানুয়ারি পর্যন্ত আপিল আবেদন গ্রহণ করা হয়। পরে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত শুনানি শেষে এসব আপিল নিষ্পত্তি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *