চাঁপাইনবাবগঞ্জ | ৫ ফেব্রুয়ারি, ২০২৬
পুরনো বস্তাপঁচা রাজনৈতির অবসান ঘটিয়ে দেশে ইনসাফভিত্তিক নতুন ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান। তিনি বলেছেন, “বাংলাদেশের মানুষ দীর্ঘ ৫৪ বছরের অপরাজনীতি ও অপশাসন দেখে ক্লান্ত। তারা এখন মৌলিক পরিবর্তন চায়।”
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উত্তরবঙ্গ হবে ‘কৃষিশিল্পের রাজধানী’
চাঁপাইনবাবগঞ্জের আম ও কৃষি ঐতিহ্যের কথা উল্লেখ করে ডাঃ শফিকুর রহমান বলেন, “চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী হলেও এখানে পর্যাপ্ত হিমাগার ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নেই। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে পুরো উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক কৃষিশিল্পের রাজধানীতে পরিণত করা হবে। এখানে প্রয়োজন অনুযায়ী বিশ্ববিদ্যালয়, গবেষণাগার ও আন্তর্জাতিক মানের সংরক্ষণাগার স্থাপন করা হবে, যাতে আম ও লিচু বিদেশে রপ্তানি করে বিশ্ব দরবারে এই জেলাকে তুলে ধরা যায়।”
নদী ও পানি ব্যবস্থাপনা
মহানন্দা নদীর দুরবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, “নদীগুলোকে পুনরুজ্জীবিত করে আমরা নদীমাতৃক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলব। যেখানে প্রয়োজন সেখানে বাঁধ নির্মাণ ও পানির ন্যায্য বণ্টন নিশ্চিত করার মাধ্যমে নদীকে জাতীয় সম্পদে রূপান্তর করা হবে।”
জুলাই বিপ্লব ও ন্যায়বিচার
জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “জুলাই আন্দোলনের মূল দাবি ছিল ন্যায়বিচার। আমরা এমন এক দেশ গড়তে চাই যেখানে রাজা ও প্রজার জন্য একই আইন থাকবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হবে। দেশে কোনো চাঁদাবাজি চলবে না; চাঁদাবাজদের উৎপাদনমুখী কাজে যুক্ত করা হবে।”
যুব ও নারী উন্নয়ন
বেকারত্ব দূরীকরণ ও নারী নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন,”যুবসমাজ বেকার ভাতার জন্য নয়, মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের জন্য লড়াই করেছে। আমরা যুবকদের দক্ষ করে গড়ে তুলব আর নারীদের জন্য এমন নিরাপদ সমাজ গড়ব যেখানে কোনো জুলুমকারী তাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না।”
১২ তারিখের ভোটে ‘লালকার্ড’ দেখানোর ডাক
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে পরিবর্তনের হাতিয়ার উল্লেখ করে ডাঃ শফিকুর রহমান বলেন, “এই ভোট হবে পুরনো ব্যবস্থাকে লালকার্ড দেখিয়ে নতুন ব্যবস্থাকে স্বাগত জানানোর। দুর্নীতি ও আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ গড়তে আমি আপনাদের কাছে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট চাইছি।” জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, ডাকসুর জিএস এস এম ফরহাদ এবং চাকসুর ভিপি ইব্রাহিম রনিসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।










