ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করা মুনতাসির ফাহিম (২২) নিজ গ্রামে চার মাসে’র ছুটিতে এসেছিলেন। আগামী শনিবার তাঁর আবার সেখানে ফিরে যাওয়ার কথা ছিল। সেখানে ২৫ ডিসেম্বর থেকে নতুন সেমেস্টারের ক্লাস শুরু। তবে আর যাওয়া হলো না এর আগেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে বন্ধু অনিকের সাথে বিবাদের জেরে প্রাণ গেল ফাহিমের।
পুলিশ বরাতে জানায়, রাতে অনিক নামে এক যুবক থানায় এসে একটি অস্ত্রসহ আত্মসমর্পণ করে এবং বলে সে ফাহিমকে মেরেছে। পুলিশের দেয়া তথ্যমতে, অনিকের স্বীকারোক্তির ভিত্তিতে ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠের এক পাশে থেকে ফাহিমের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশের প্রশ্নে অনিক বলে- আমার জীবন নষ্ট করে ফেলেছে ফাহিম। কি ভাবের প্রশ্নে, সে জানায় ফাহিম কালো জাদু করেছে।
নিহত ফাহিম ত্রিশাল উপজেলা সদর ইউনিয়নে’র চিকনা গ্রামের রেজাউল ইসলাম বাদলের বড় ছেলে। আর অভিযুক্ত অনিক পৌরসভার ৪নং ওয়ার্ডের জহিরুল মণ্ডলের ছেলে।
ফাহিমের বাবা জানান, “আমার ছেলে মালয়েশিয়ায় পড়াশোনা করত । ছুটি থাকায় দেশে এসেছিল এবং শনিবারই আবার সেখানে ফিরে যাওয়ার কথা ছিল। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা আমরা জানি না।” তিনি সঠিক তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানান।
ত্রিশাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ গোলাম মোস্তফা রুবেল বলেন, “অনিক ও ফাহিম দীর্ঘদিনের বন্ধু ছিলেন। পূর্বের কিছু বিরোধের সূত্র ধরে তর্ক-বিতর্ক হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনিক তার দায় স্বীকার করে।”
থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ জানান, ফাহিমের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। আত্মসমর্পণকারী অনিককে জিজ্ঞাসাবাদ চলছে, এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
সূত্রঃ পুলিশ পরিদর্শক (তদন্ত)












