স্পোর্টস ডেস্ক:
চোটের কারণে আর্জেন্টিনার আসন্ন প্রীতি ম্যাচগুলোতে দেখা যাবে না তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে। কার্ডজনিত কারণে গত মাসের দুটি ম্যাচ মিস করার পর নভেম্বরে জাতীয় দলে ফিরেছিলেন তিনি। কিন্তু স্কোয়াড ঘোষণার পরদিনই হাঁটুর ইনজুরিতে ছিটকে গেলেন এই চেলসি মিডফিল্ডার।
ইংলিশ প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটনের বিপক্ষে চেলসির ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন এনজো। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তিনি জানান, “চার মাস আগে ডান পায়ের হাঁটুতে চোট পেয়েছিলাম, সম্প্রতি সেটি আরও বেড়েছে মনে হচ্ছে। আবারও ব্যথা অনুভব করায় মেডিক্যাল টিমের সঙ্গে কথা বলে বিশ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় ক্লাব ফুটবলের ব্যস্ত সূচির কারণে এনজো পর্যাপ্ত বিশ্রামের সুযোগ পাননি। ফলে তার পুরোনো চোটটি আবারও মাথাচাড়া দিয়েছে।
আগামী ১৪ নভেম্বর আফ্রিকান দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই ম্যাচের জন্য তিন দিন আগে স্কোয়াড ঘোষণা করেছিলেন বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। সেই দলে ছিলেন এনজো ফার্নান্দেজও। কিন্তু এখন টানা দ্বিতীয় আন্তর্জাতিক উইন্ডোতেও তাকে পাচ্ছে না আলবিসেলেস্তেরা।
চোট প্রসঙ্গে এনজো বলেন, “গত সপ্তাহে আমি অনেক ব্যথায় ছিলাম, যা সবাই জানে। পুনর্বাসনের মাধ্যমে শতভাগ ফিট হয়ে শিগগিরই সতীর্থদের সঙ্গে মাঠে ফিরতে চাই।”
চেলসির জন্য তাকে ফিট রাখা এখন অগ্রাধিকার। এনজো বলেন, “সূচিতে অনেক বেশি ম্যাচ রয়েছে, আর মৌসুম শেষের দিকে। তাই মনে করছি কিছুদিন বিশ্রামই সবচেয়ে ভালো সমাধান। দুই সপ্তাহ বিশ্রাম নিলে হাঁটু অনেকটাই সেরে উঠবে।”
এদিকে, চলতি বছরের সর্বশেষ ফিফা উইন্ডোতে শুধুমাত্র অ্যাঙ্গোলার সঙ্গেই ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এর আগে স্পেনে সংক্ষিপ্ত প্রশিক্ষণ ক্যাম্প করবে স্কালোনির দল। স্থানীয় ক্লাবগুলো যেন ক্ষতির মুখে না পড়ে, তাই এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া এবার দেশীয় লিগের খেলোয়াড়দের না ডাকার সিদ্ধান্ত নিয়েছেন।
তবে দলে আছেন লিওনেল মেসি, রদ্রিগো ডি পল, ক্রিস্টিয়ান রোমেরো, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজ—অভিজ্ঞদের উপস্থিতিতে স্কোয়াডটি এখনো শক্তিশালী।
আর্জেন্টিনার স্কোয়াড (অ্যাঙ্গোলার বিপক্ষে) গোলরক্ষক: জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, জুয়ান ফয়েথ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাসওটামেন্ডি, মার্কোস সেনেসি, নিকোলাস তালিয়াফিকো, ভ্যালেন্টিন বার্কো
মিডফিল্ডার: অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, জিওভান্নি লো সেলসো, থিয়াগো আলমাদা, ম্যাক্সিমো পেরোনে, নিকোলাস পাজ
ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান , মার্টিনেজ, নিকোলাস , জিওলিয়ানো , হোসে ম্যানুয়েল , জিয়ানলুকা, জোয়াকিন ।












