স্পোর্টস ডেস্কঃ টানা নাটকীয় ঘটনা প্রবাহের পর বাংলাদেশের সামনে দুটি পথ খোলা রাখে আইসিসি-হয় ভারত না হয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা ছাড়তে হবে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ তার আগের অবস্থানেই অটল থাকলো । তবেও বিকল্প ভেন্যুতে খেলার আশায় আছেন ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতি।
আজ (বৃহস্পতিবার) বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের নিয়ে এক বৈঠকে বসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও বিসিবির কর্তাব্যক্তিরা। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে আমরা অটল।
আইসিসি বাংলাদেশের অনুরোধ না রেখে সুবিচার করেনি উল্লেখ করে আসিফ নজরুল বলেন, ‘আমরা আইসিসি কাছ থেকে সুবিচার পাইনি। আমরা এখনো আশা করি, আইসিসি আমাদের কথা বিবেচনায় নিয়ে শ্রীলঙ্কায় খেলার আবেদন মেনে নেবে। আমরা অপেক্ষা করব।’
ক্রীড়া উপদেষ্টা আরো জানিয়েছেন, ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত সরকারের। এবং সেই অবস্থানে তারা অনড় আছেন। যে নিরাপত্তার কথা ভেবে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটির কোনো পরিবর্তন হয়নি।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, এখনও বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলতে চায় বাংলাদেশ। আর এজন্য লড়াই চালিয়ে যাবেন।আমরা আইসিসিকে জানিয়েছি, এর আগে ১৯৯৬ ও ২০০৩ বিশ্বকাপসহ বিভিন্ন টুর্নামেন্টে নিরাপত্তা উদ্বেগের কারণে অনেকে বিশ্বকাপ খেলতে যায়নি এবং অনেকের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা এখনো আশা করব বিকল্প ভেন্যুতে খেলার। আমরা যোগাযোগ রাখবো আইসিসির সঙ্গে, তাদের বলব শ্রীলংকায় খেলতে চাই আমরা । বৈঠকে ক্রিকেটাররা কী বলেছেন সে বিষয়ে বলতে রাজি হননি ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতি।










