সুতিয়া নিউজঃ বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি। উনার পিতা মনসুর রহমান পেশায় একজন রসায়নবিদ ছিলেন।
শৈশব ও কৈশোরের সময় বগুড়া ও কলকাতায় কাটানোর পর তিনি পিতার কর্মস্থল করাচিতে চলে যান। শিক্ষাজীবন শেষে করে ১৯৫৫ সালে পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে কমিশনপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সামরিক জীবনে যোগ দেন। পরবর্তীতে সামরিক ও রাজনৈতিক জীবনের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের গণমানুষের কাছে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা ও বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃত হন।
তিনি ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে অংশগহণের মাধ্যমে দেশপ্রেম, সাহসিকতা ও দায়িত্ববোধের পরিচয় দেন। তার প্রমাণ খেখেমকারান সেক্টর। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধেও সেক্টর কমান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং যুদ্ধ শেষে পেশাদার সৈনিক জীবনে ফিরে যান।
স্বাধীনতার পর দেশ,দেশের মানুষ ও সময়ের প্রয়োজনে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জিয়াউর রহমানের আদর্শের জনপ্রিয়তা ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বগুণে মরহুমা বেগম জিয়া তিনবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
দেশপ্রেম,অদম্য সাহস, সততা-নিষ্ঠা ও সহজ-সরল ব্যক্তিত্বের প্রতীক শহীদ জিয়াউর রহমানের অবদান দেশের ইতিহাসে অনন্য। তাঁর শাসনামলে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে স্বতন্ত্র পরিচিতি লাভ করে এবং জাতির মর্যাদা বিশ্বব্যাপী প্রশংসিত হয়।
দুই দিনের কর্মসূচি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (৯০তম) জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি ০২ দিনের কর্মসূচি গ্রহণ করেছে। ১৭ জানুয়ারি ২০২৬ (শনিবার) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ঘোষিত কর্মসূচিতে, ১ম দিন ১৯ জানুয়ারি বেলা ১১টায় শেরেবাংলা নগরে শহীদ জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। এ কর্মসূচিতে দলের চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানান রুহুল কবির রিজভী। দোয়া মাহফিল ছাড়াও স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পালন করা হবে।
২য় দিন আগামী ২০ জানুয়ারি সকাল ১১টায় শহীদ জিয়াউর রহমানের বর্ণাঢ্য কর্মজীবন ও রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ আলোচনা সভা বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য রাখবেন। এ সময় দলের সর্বস্তরের নেতাকর্মীদের কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।










