মান্না: এনসিপিকে শাপলা প্রতীক দিলে মামলা করব না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না

০২ অক্টোবর ২০২৫  | সুতিয়া নিউজ

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দিলে আর কোনো মামলা করবেন না বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মান্না লিখেন, “শাপলা প্রতীক যদি তাদের (এনসিপি) দিয়ে দেয়, কোন মামলা করব না।”

তার এ ঘোষণার পরপরই এনসিপির নেতারা বিষয়টিকে স্বাগত জানিয়ে পোস্টটি নিজেদের অফিসিয়াল পেজসহ ব্যক্তিগত আইডিতে শেয়ার করেন।

পোস্টের মন্তব্যে মান্না আরও বলেন, “আমাকে যদি জাতীয় প্রতীকের কারণে শাপলা না দেওয়া হয়, তাহলে নির্বাচন কমিশন আর কাউকে দিতে পারেন না। তবে যারা জুলাই অভ্যুত্থান করেছে, তাদের বয়স, অভিজ্ঞতা এবং শেখ হাসিনার ফ্যাসিবাদ উৎখাতের বিষয়টি বিবেচনা করে আমি তাদের প্রতি সহানুভূতিশীল। শাপলা প্রতীক যদি তাদের দিয়ে দেয়, আমি অঙ্গীকার করছি কোন মামলা করব না।”

মান্নার এ ঘোষণার পর এনসিপির ভেরিফায়েড পেজে লেখা হয়, “অবশেষে এনসিপির শাপলা প্রতীক পেতে আর কোনো আইনি বা রাজনৈতিক বাঁধা অবশিষ্ট রইল না।”

তাদের বক্তব্যে আরও বলা হয়, “প্রথমে নির্বাচন কমিশন আইনি বাঁধার কথা বলেছিল, পরে রাজনৈতিক বাঁধার কথা তোলে। কিন্তু মান্না সাহেবের অবস্থান জানানোর পর সেই রাজনৈতিক বাধাও দূর হলো। এখন আর শাপলা প্রতীক দিতে কোনো প্রতিবন্ধকতা নেই।”

এদিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মান্নার পোস্ট শেয়ার করে লিখেছেন, “ধন্যবাদ ও কৃতজ্ঞতা।”

উল্লেখ্য, এনসিপি তাদের দলীয় নিবন্ধনের আবেদনের সময় শাপলা প্রতীক দাবি করে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, অন্য কোনো প্রতীক বরাদ্দ দেওয়া হলে তা গ্রহণ করবে না। তবে নির্বাচন কমিশন এর আগে জানিয়েছিল, জাতীয় প্রতীক ‘শাপলা’ নিবন্ধনযোগ্য কোনো দলকে দেওয়া হবে না।

সম্প্রতি নির্বাচন কমিশন এনসিপিকে সংরক্ষিত ৫০ প্রতীকের তালিকা পাঠিয়ে সেখান থেকে একটি বেছে নিতে চিঠিও দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *