কিশোরগঞ্জ, ২০ সেপ্টেম্বর ২০২৫ – বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রৈবার্ষিক সম্মেলনে বলেছেন, স্বৈরাচার পালিয়ে গেলেও মাঝে মাঝে অদৃশ্য অপশক্তি মাথা তুলছে। তিনি বলেন, “এটি ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। কিন্তু আমরা উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি করি। শহীদ জিয়া ও দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শ লালন করি। গণতন্ত্রের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আমাদের আর বসে থাকার সুযোগ নেই।”
ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, “ফেব্রুয়ারির নির্বাচনে যদি আমরা ইস্পাতের মতো ঐক্যবদ্ধ থাকতে পারি এবং জনগণের কাছে যেতে পারি, তাহলেই নির্বাচনে বিএনপির পক্ষে সফলতা আনতে পারব।”
তিনি দলের নেতাকর্মীদের দুটি প্রতিজ্ঞা করতে বলেন – এক, দলীয় সিদ্ধান্তের বিষয়ে সর্বদা ঐক্যবদ্ধ থাকা; দুই, দলের নামে কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে এবং দলের বিরুদ্ধে চক্রান্ত করতে না পারে। এই প্রতিজ্ঞার প্রতি উপস্থিত নেতাকর্মীরা দুই হাত তুলে সমর্থন জানান।
সকালে জাতীয় সংগীত এবং পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দীর্ঘ ৯ বছর পর সম্মেলন শুরু হয়। জেলা ও উপজেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা স্টেডিয়ামে সমবেত হন। কয়েক হাজার কর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে শুরু হয় সম্মেলন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনে ভোট দেবেন দুই হাজার ৯০ জন কাউন্সিলর। এই কাউন্সিলের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা বিএনপির নতুন নেতৃত্ব নির্ধারিত হবে।
সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, যুগ্ম-মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল প্রমুখ বক্তব্য দেন। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম।










