স্টাফ রিপোর্টার :
হাইকোর্টের নির্দেশে সাপের কামড়ের জন্য ব্যবহৃত অ্যান্টিভেনম দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাতে নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। শনিবার (৮ নভেম্বর) সকালে অধিদপ্তরের পক্ষ থেকে এ নির্দেশ দেওয়া হয়।
এর আগে গত ১৮ আগস্ট সাপের কামড়ের অ্যান্টিভেনম উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে সরবরাহের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। আদালতের ওই নির্দেশ বাস্তবায়নে স্বাস্থ্য সচিব, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদক্ষেপ নিতে বলা হয়।
বিচারপতি ফাহমিদা কাদের ও বিচার পতি সৈয়দ জাহেদ মনসুরে”র হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে, ১৭ আগস্ট হাইকোর্টে একটি রিট আবেদন দাখিল করেন অ্যাডভোকেট মীর এ কে এম নুরুন্নবী। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে তিনি উপজেলা পর্যায়ে অ্যান্টিভেনম সরবরাহের নির্দেশনা চান।
রিট আবেদনে বলা হয়, সারা দেশে সাপের কামড়ে মৃত্যুর ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ১ জুলাই পর্যন্ত সাপের কামড়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে, আর দংশনের শিকার হয়েছেন ৬১০ জন।
দেশের অধিকাংশ গ্রামীণ অঞ্চলে সাপের কামড়ের পর সময়মতো অ্যান্টিভেনম না পাওয়ায় অনেক রোগী মারা যান। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে হাইকোর্ট দ্রুত অ্যান্টিভেনম উপজেলা পর্যায়ে সরবরাহের নির্দেশ দেন।