রাবি রেজিস্ট্রারের অপসারণ দাবি রাকসুর

রাবি রেজিস্ট্রারের অপসারণ দাবি রাকসুর
রাবি রেজিস্ট্রারের অপসারণ দাবি রাকসুর

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেজিস্ট্রার ইফতেখারুল আলম মাসউদের ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। সোমবার (১০ নভেম্বর) বিকেল ৫টায় রাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে টানা ২৩ দিন ধরে একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। এ অবস্থায় রাকসুর প্রতিনিধিরা একাধিকবার উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীবের সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত সমাধানের অনুরোধ জানান। উপাচার্য গত বৃহস্পতিবার বিভাগের চেয়ারম্যানকে অপসারণের নির্দেশে স্বাক্ষর করেন এবং তা রেজিস্ট্রার দপ্তরে পাঠান।

রাকসুর অভিযোগ, প্রশাসনিক প্রক্রিয়া অনুযায়ী একই দিনে চিঠি ইস্যু হওয়ার কথা থাকলেও রবিবার দুপুর পর্যন্ত তা ইস্যু করা হয়নি। এ সময় রাকসুর সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার রেজিস্ট্রার দপ্তরে গেলে কর্মকর্তারা জানান, রেজিস্ট্রার তখন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। রাকসুর মতে, দায়িত্বকালীন সময়ে রাজনৈতিক কার্যক্রমে যুক্ত থাকা প্রশাসনিক নীতিমালার পরিপন্থী।

পরে রেজিস্ট্রারের সঙ্গে দেখা করে বিষয়টি জানতে চাইলে তিনি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন বলে অভিযোগ করেন রাকসুর নেতারা। তারা জানান, ঘটনাটির একটি অংশ ভিডিওতে ধারণ করা হয়েছে এবং তা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়েছে।

রাকসুর সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার বলেন, “প্রশাসনিক দায়িত্বের সময় রাজনৈতিক সভা করা বিশ্ববিদ্যালয়ের নীতির পরিপন্থী। যারা একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব ভুলে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকেন, তাদের অবিলম্বে অপসারণ করা উচিত।”

সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “ঘটনাটি যেহেতু রেজিস্ট্রারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত, তাই আমরা তার অপসারণ দাবি করছি। রাকসু প্রতিনিধিদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনের পর থেকে বিমাতাসুলভ আচরণ করছে।”

রাকসুর নেতারা জানান, যদি নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রারকে অপসারণ না করা হয়, তবে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *