ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামিকে মুক্তির ঘটনায় ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজ সাময়িক বরখাস্ত। একই সাথে ঘটনার তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তাকে বরখাস্ত করা হয়। যদিও ঘটনাটি ঘটে গত মঙ্গলবার বিকেলে, বিষয়টি আজকে প্রকাশ্যে আসে।
এ বিষয়ে ময়মনসিংহের সিনিয়র জেল সুপার মোঃ আমিনুল ইসলামের জানান, দায়িত্বে থাকা কর্মকর্তা ভুলবশত তিন আসামিকে মুক্তি দিয়েছে। এটি আসলে একটি ‘ভুলমুক্তি’। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
ময়মনসিংহ বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোঃ তৌহিদুল ইসলাম জানান, মুক্তি পাওয়া তিনজনই হত্যা মামলার আসামি ছিলেন। প্রডাকশন ওয়ারেন্টকে ভুল করে জামিননামা হিসেবে ধরে নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
ডিআইজি প্রিজন্স আরও জানান, ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজ স্বীকার করেছেন যে অসতর্কতার কারণেই এই ভুল হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত কমিটি কাজ করবে। তদন্তে কোনো কর্মকর্তা বা কর্মচারীর সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অপর দিকে, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি পুলিশ আগে থেকে জানত না। তিনি বলেন, আসামি ধরতে পুলিশের সহযোগিতা প্রয়োজন হয়। কারা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে জানালে আসামিদের গ্রেপ্তারে সুবিধা হতো।