ভালুকায় গভীর রাতে ভোট কেনাবেচা, বিএনপির ছয় নেতা আটক

ভালুকায় গভীর রাতে ভোট কেনাবেচা, বিএনপির ছয় নেতা আটক
ভালুকায় গভীর রাতে ভোট কেনাবেচা, বিএনপির ছয় নেতা আটক

ময়মনসিংহের ভালুকায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ ০৬ নেতাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রাতে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান রাহাতুল জান্নাত মহিলা মাদ্রাসা এলাকায় যৌথবাহিনী তাদের আটক করে। অভিযোগ রয়েছে, তারা ধানের শীষ প্রতীকের প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর পক্ষে অর্থ বিতরণ করছিলেন।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে বগাজান এলাকায় ২৫/৩০ জনের একটি দল ভোটারদের টাকা দিচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল সেখানে অভিযান চালায়। অভিযানে ০৭জনকে আটক করা হয়।

পরে অভিযোগের সত্যতা নিশ্চিত হলে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম কাউসার জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত ০৬জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আটক অপর একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

অভিযান ও আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবালা হোসাইন এবং ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহিদুল ইসলাম।

ভালুকা মডেল থানার ওসি মুহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন। দণ্ডপ্রাপ্তদের গ্রেপ্তার করে রাতেই জেলহাজতে পাঠানো হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও ফিরোজ হোসেন জানান, ধানের শীষের পক্ষে অর্থ বিতরণের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। অভিযানে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-ঘ-১৬-৩৩৯৩), নগদ অর্থ এবং একটি হিসাবের খাতা জব্দ করা হয়েছে। ওই খাতায় বিভিন্ন এলাকায় কবে ও কত টাকা বিতরণ করা হয়েছে বা করার পরিকল্পনা ছিল—সে সংক্রান্ত তথ্য পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *