স্টাফ রিপোর্টার
ঢাকা | বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ ও নানা রাজনৈতিক ইস্যুতে গত কয়েক মাস ধরে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে রাজনীতির মাঠে। প্রকাশ্যে দুই দলের নেতাদের মধ্যেও সমালোচনার পাল্টাপাল্টি দেখা গেছে।
বিশেষ করে সংস্কার ইস্যুতে মতপার্থক্য দুই দলের সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি করে। বিএনপি নেতাদের অনেককে অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টাদের নিয়ে নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে। আবার এনসিপির কর্মসূচিতে বাধা ও হামলার অভিযোগও উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।
তবু রাজনৈতিক মাঠের বাইরে পর্দার আড়ালে চলছে ভিন্ন আলোচনা। দুই দলের একাধিক সূত্র বলছে, নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও এনসিপির মধ্যে জোট বা আসন সমঝোতার আলাপ চলছে।
এনসিপির কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা জানিয়েছেন, দলটির ভেতরে এ বিষয়ে দুই ধরনের অবস্থান রয়েছে।
- এক পক্ষ মনে করে, যদি বিএনপি ৩০ থেকে ৪০টি আসন ছাড় দেয়, তবে এনসিপি নির্বাচনে বিএনপির জোটে যেতে রাজি থাকবে।
- অন্য পক্ষের আশঙ্কা, বিএনপি আসন ছাড় দিলেও কিছু এলাকায় বিদ্রোহী প্রার্থী দাঁড়াতে পারেন, যা জোটের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “আপাতত বিএনপির সঙ্গে জোট বা আসন সমঝোতা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।”
অন্যদিকে বিএনপির একটি সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে তারা এনসিপিকে ২০টি আসন ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। প্রাথমিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বিএনপির পূর্ণ সমর্থন ও বিদ্রোহী প্রার্থী না থাকলে এর মধ্যে অন্তত ৮টি আসনে এনসিপির প্রার্থী জয়ের সম্ভাবনা আছে।
এদিকে আসন্ন নির্বাচনে তরুণ প্রার্থীদের প্রাধান্য দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বিএনপি। দলের তরুণদের নিয়ে কাজ করা নেতারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে এ বিষয়ে বার্তা পাঠিয়েছেন।
দলের এক সিনিয়র নেতা বলেন, “বাংলাদেশে এখন প্রায় ৬০ শতাংশ ভোটার তরুণ। জুলাই গণঅভ্যুত্থান, বিশ্ববিদ্যালয়ের নির্বাচন—সব জায়গায় তরুণদের সক্রিয় ভূমিকা প্রমাণ করেছে, তারা এখন মূল ফ্যাক্টর।”
তিনি আরও জানান, “২০০৮ সালে যার বয়স ১৮-এর নিচে ছিল, তিনি এখন ৩৫ বছরের তরুণ ভোটার। এই প্রজন্মই এবার প্রথমবার বড় পরিসরে ভোট দিতে যাচ্ছে। তাই বিএনপি চায় তরুণ প্রার্থীদের প্রাধান্য দিতে এবং প্রয়োজনে আর্থিক সহযোগিতাও দিতে।”
এ প্রেক্ষাপটে বিএনপি তরুণ নেতৃত্বকেন্দ্রিক দল এনসিপিকে নির্বাচনি জোটে টানার চেষ্টা করছে বলে দলীয় সূত্র জানিয়েছে।










