বিনোদন প্রতিবেদক:
অভিনয় থেকে আপাতত বিরতি নিলেও ছোট পর্দায় আবারও হাজির হচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান। তবে এবার তিনি আসছেন উপস্থাপক হিসেবে। পারিবারিক বিনোদনের জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর দ্বিতীয় সিজনে আবারও দেখা যাবে তাঁকে।
মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের দ্বিতীয় সিজনের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজক বঙ্গ জানায়, ডিসেম্বরেই শুরু হবে দ্বিতীয় সিজনের শুটিং।
নতুন সিজন প্রসঙ্গে তাহসান খান বলেন,
‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ আমার কাছে একটি বিশেষ অনুষ্ঠান। কারণ এটি পরিবারগুলোকে আবারও বসার ঘরে একই সোফায় ফিরিয়ে এনেছে— যেখানে তারা মিষ্টি তর্ক-বিতর্ক আর হাসির মুহূর্তগুলো ভাগাভাগি করতে পারে।’
তিনি আরও বলেন,
‘সিজন–২ আগের চেয়ে আরও বড় পরিসরে আয়োজন করা হচ্ছে। সারা দেশ থেকে নতুন নতুন পরিবারকে স্বাগত জানাতে, তাদের সঙ্গে হাসতে ও নতুন স্মৃতি তৈরি করতে আমি মুখিয়ে আছি।’
বঙ্গের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিজন–১ দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল। বিভিন্ন প্ল্যাটফর্মে অনুষ্ঠানটি ১০০ কোটিরও বেশি ভিউ এবং ২ কোটি ৫০ লাখেরও বেশি ইউনিক দর্শকের সম্পৃক্ততা অর্জন করে। সিজন–১-এর সব পর্ব এখনো বঙ্গ প্ল্যাটফর্মে বিনা মূল্যে দেখা যাচ্ছে।
প্রথম সিজনে তাহসানের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। সারা দেশ থেকে ৪৮টি পরিবার অংশ নিয়েছিল, যেখানে প্রতিযোগিতা, আবেগ, হাসি আর খুনসুটি মিলিয়ে তৈরি হয়েছিল এক অনন্য পারিবারিক অভিজ্ঞতা। মোট ৩০ লাখ টাকারও বেশি পুরস্কার দেওয়া হয়েছিল সেই আসরে।
এদিকে, ইতোমধ্যেই সিজন–২-এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে। সারা দেশের উৎসাহী পরিবারগুলোকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
তাহসান খান যদিও সম্প্রতি জানিয়েছেন, তিনি আপাতত নতুন কোনো নাটকে অভিনয় করছেন না, তবু উপস্থাপনায় ফিরে আসা তাঁর ভক্তদের জন্য এক রোমাঞ্চকর খবর হয়ে এসেছে।
