ঢাকা, বৃহস্পতিবার (১৩ নভেম্বর):
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণকে স্বাগত জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে চূড়ান্ত সিদ্ধান্ত ও নির্দেশনার কিছু বিষয়ে ভিন্নমত থাকলেও, জাতির বৃহত্তর স্বার্থে এবি পার্টি তা মেনে নিচ্ছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন,“সরকার বা প্রধান উপদেষ্টা সবদিক বিবেচনা করে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন, সংসদের উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা এবং গণভোটে একমত ও ভিন্নমত—দু’পক্ষকেই অন্তর্ভুক্ত করে ব্যালট তৈরির যে নির্দেশনা দিয়েছেন, তা একটি গ্রহণযোগ্য সমাধান হিসেবে দেখা যেতে পারে।”
এবি পার্টির মতে, রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে যথেষ্ট আলোচনা ও যুক্তিতর্ক শেষ করেছে; এখন প্রয়োজন বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ ও সেই সিদ্ধান্ত মেনে চলা।
দলটির শীর্ষ নেতৃত্ব আশা প্রকাশ করেন, বিএনপি, জামায়াতসহ সব রাজনৈতিক দল বিভক্তি পরিহার করে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনে অংশ নেবে—যা দেশকে স্থিতিশীল গণতান্ত্রিক পথে এগিয়ে নিতে সহায়ক হবে।










