সুতিয়া নিউজঃ আসন্ন ১২ ফেব্রুয়ারী ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পৃথিবীর বিভিন্ন দেশে প্রবাসীদের কাছে এ পর্যন্ত ৬ লাখ ৭৭ হাজার ২৩৩টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন- প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান ।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে দেশের ভেতরে যারা ভোটের দিন বিভিন্ন প্রসাশনিক কাজে দেশে বিভিন্ন স্থানে কর্মরত থকবেন তারা নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন। তা ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।
টিম লিডার সালীম আহমাদ খান বলেন, ১০ জানুয়ারির মধ্যে সকল প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর উদ্দেশে কাজ করা হচ্ছে। যেসব প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে তারা নিজ দায়িত্বে ব্যালটের গোপনীয়তা রক্ষা করবেন। যদি কেউ গোপনীয়তা ভঙ্গ করে তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা হতে পারে ।
তিনি আরও জানান, ২১শে জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এর আগেই প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পৌঁছাতে সক্ষম হব।
ইসি সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বিশ্বের বিভিন্ন দেশে ৪১ হাজার ৪৬৪ জন প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়ে গেছে। এর মধ্যে সিঙ্গাপুরে ১৭ হাজার ৭৫৯ জন এবং সৌদি আরবে ১২ হাজার ব্যালট পাঠানো হয়েছে।