ডেস্ক রিপোর্ট: নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশে কর্মরত নিজেদের কূটনৈতিক কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যদের দেশে ফিরৎ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিবেশী দেশ ভারত। (২০শে জানুয়ারি) মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা পিটিআই।
ঢাকার ভারতীয় প্রধান হাইকমিশনসহ খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে থাকা সহকারী হাইকমিশনগুলো থেকেও কূটনীতিক ও অন্যান্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেয়া হচ্ছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন, সহকারী হাইকমিশন ও সংশ্লিষ্ট সব দপ্তর স্বাভাবিকভাবেই খোলা থাকবে এবং নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এটি একটি সতর্কতামূলক পদক্ষেপ মাত্র।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের কয়েক সপ্তাহ আগে ভারতের এ সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: পিটিআই / ইন্ডিয়া টিভি












