নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম: প্রতীকের তালিকায় শাপলা নেই, তাই দেওয়া সম্ভব নয়

“নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সিলেট পুলিশ লাইনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে”
“নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সিলেট পুলিশ লাইনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে”

সিলেট প্রতিবেদক | সিলেট

নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় এটি কোনো রাজনৈতিক দলের জন্য বরাদ্দ দেওয়া সম্ভব নয়।

রোববার (১৯ অক্টোবর) সকালে সিলেট পুলিশ লাইনসে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, “প্রতীক বরাদ্দ বিধিমালা অনুযায়ী যে প্রতীকগুলো থাকে সেখান থেকে একটি প্রতীক দিতে হয়। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তাই আইনগতভাবে কাজ করে। আইনের বাইরে নির্বাচন কমিশন কোনো কাজ করে না। আইন ও বিধি অনুযায়ী তারা (এনসিপি) যে প্রতীক চাচ্ছে, সেটি দেওয়া সম্ভব হচ্ছে না।”

তিনি আরও বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে স্থগিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। “অনেক কিছুই মিডিয়াতে এসেছে, এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। আমরা আশা করি, রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন হবে। সব বাহিনী প্রস্তুত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো চ্যালেঞ্জ হিসেবে থাকবে না। অতীতের মতো অনিয়মের সুযোগ আর নেই। পাশাপাশি বিতর্কিত কেউ আগামী নির্বাচনী দায়িত্বে থাকবেন না।”

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ রানা, পিপিএম (সেবা), সিলেট জেলা পুলিশ সুপার মো.মাহবুবুর রহমান, সিটিএসবি (ডিসি) আফজল হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *