নির্বাচন বিলম্বের কোনো ইস্যু নেই: আইন উপদেষ্টা আসিফ নজরুল

নির্বাচন বিলম্বের কোনো ইস্যু নেই: আইন উপদেষ্টা আসিফ নজরুল
নির্বাচন বিলম্বের কোনো ইস্যু নেই: আইন উপদেষ্টা আসিফ নজরুল

স্টাফ রিপোর্টার:
আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই। নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে এবং উৎসবমুখর পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার, তা করা হবে।

রোববার (৯ নভেম্বর) সকালে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, “জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর। রাজনৈতিক দলগুলো একে অপরের ওপর চাপ সৃষ্টি করার জন্য এবং আমাদের ওপর চাপ সৃষ্টি করার জন্য নানা মন্তব্য করছে। এসব কথার কিছু সত্য হলেও তা জনমনে অযথা শঙ্কা তৈরি করছে।”

তিনি আরও বলেন, “১৬-১৭ বছর ধরে সুষ্ঠু নির্বাচন না হওয়ায় কিছুটা সংশয় মানুষের মধ্যে আছে। প্রায় ৫ কোটি মানুষ কখনো ভোট দিতে পারেনি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেশের সাধারণ মানুষ অধীর আগ্রহে নির্বাচনের অপেক্ষায় আছে এবং তাদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে।”

জামিন প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, জামিন দেওয়া অনেক ক্ষেত্রেই কেবল বিচারকের ওপর নির্ভর করে না, পুলিশের রিপোর্টের ওপরও নির্ভর করে। “ভিডিও ফুটেজে দেখা গেছে কিংবা কণ্ঠ শনাক্ত হয়েছে— এমন ক্ষেত্রে ব্যতিক্রম হয়। যেখানে জামিন পাওয়ার যোগ্যতা আছে, সেখানে জামিন পেতে সমস্যা নেই। তবে যারা জামিন পেয়ে একই ধরনের অপরাধে জড়াতে পারে বা নিষিদ্ধ সংগঠনের তৎপরতা চালাতে পারে, তাদের ক্ষেত্রে আমাদের উদ্বেগ থাকবে।”

আদালত সংস্কার প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, “একজন বিচারকের স্থলে তিনজন বিচারক নিয়োগ দেওয়া হচ্ছে, যাতে মামলার জট কমানো যায়। আদালত সংস্কারে আমরা নানান উদ্যোগ নিচ্ছি, যার সুফল অবশ্যই জনগণ পাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *