ইসির প্রতীক তালিকায় ‘শাপলা কলি’, ক্ষুব্ধ এনসিপি

ইসির প্রতীক তালিকায় ‘শাপলা কলি’, ক্ষুব্ধ এনসিপি
ইসির প্রতীক তালিকায় ‘শাপলা কলি’, ক্ষুব্ধ এনসিপি

স্টাফ রিপোর্টার:
নির্বাচন কমিশনের (ইসি) রাজনৈতিক দলগুলোর জন্য ঘোষিত প্রতীক তালিকায় নতুনভাবে যুক্ত হয়েছে ‘শাপলা কলি’। বৃহস্পতিবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত গেজেটে এই তথ্য প্রকাশ করা হয়।

প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, “শাপলা কলি কিন্তু প্রতীকের তালিকায় ছিল না। এখন কিভাবে সেটি আসলো? আর ‘শাপলার কলি’ থাকতে পারে, তাহলে ‘শাপলা’ কেন রাখা হয়নি? আমরা এর ব্যাখ্যা চাই। এটা আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া।”

একই বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, “এনসিপি শাপলাই চায়। আমরা যখন শাপলা প্রতীক চেয়েছিলাম, তখন নির্বাচন কমিশন বলেছিল— তালিকায় নেই, তাই দেওয়া যাবে না। এখন তারা ‘শাপলা কলি’ কীভাবে অন্তর্ভুক্ত করলো, সেটা স্পষ্ট করতে হবে।”

দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ই দাবি জানিয়ে আসছে এনসিপি। গত জুনে নিবন্ধনের সময় দলটি শাপলার পাশাপাশি কলম ও মোবাইল ফোন প্রতীক প্রস্তাব করেছিল। পরে দুইটি বাদ দিয়ে শুধু শাপলা প্রতীকের পক্ষে অবস্থান নেয় দলটি। তবে ইসির তালিকায় ‘শাপলা’ না থাকায় বারবার তাদের আবেদন নাকচ করা হয়।

গত রোববার কিশোরগঞ্জে এক অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “শাপলা প্রতীকের জন্য যদি রাজপথে নামতে হয়, এনসিপি প্রস্তুত। প্রয়োজনে এই স্বেচ্ছাচারী নির্বাচন কমিশন পুনর্গঠনের আন্দোলনেও যাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *