এশিয়ান কাপ বাছাইয়ে আজ বাংলাদেশ-হংকং লড়াই

বাংলাদেশ-হংকং লড়াই
বাংলাদেশ-হংকং লড়াই

ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার

ঘরের মাঠে হারের পর বাঁচা-মরার ম্যাচে কাবরেরার দলের সামনে জয়ের বিকল্প নেই

এশিয়ান কাপ বাছাইপর্বে আজ (মঙ্গলবার) মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ও হংকংয়ের ফিরতি লেগের ম্যাচ। হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে গুরুত্বপূর্ণ এই লড়াই।

ঢাকায় প্রথম লেগে হংকংয়ের কাছে ৪-৩ গোলে হারের পর, এবার নিজেদের টিকে থাকার লড়াইয়ে নামছে হাভিয়ের কাবরেরার দল। আজ জিততে না পারলে এশিয়ান কাপের মূলপর্বে খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে লাল-সবুজদের।

গত ৯ অক্টোবর ঢাকার ম্যাচে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে জমে ওঠে লড়াই। বাংলাদেশের হয়ে তিনটি গোল এলেও রক্ষণভাগের দুর্বলতায় জেতা হয়নি ম্যাচটি। এবার সেই ভুল শুধরে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে জামাল-হামজারা।

৫০ হাজার দর্শক ধারণক্ষমতার কাই তাক স্টেডিয়ামের টিকিট বিক্রি হয়েছে মাত্র দেড় ঘণ্টায়, যার বেশিরভাগই কিনেছেন হংকংয়ের সমর্থকরা। বাংলাদেশ থেকে সমর্থক সংখ্যা সীমিত হলেও, হংকং প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতির আশা করছে দল।

দেশের দর্শকদের জন্য ম্যাচটি সরাসরি দেখাবে ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’ (Bongo)। ঘরের মাঠের ম্যাচ যেখানে টি স্পোর্টস সম্প্রচার করেছিল, এবার তাদের সূচিতে নেই এই খেলা; তারা ব্যস্ত লাহোর টেস্ট, মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ ও আফগানিস্তান-বাংলাদেশ সিরিজের তৃতীয় ওয়ানডে নিয়ে।

এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে বাংলাদেশ এখন তিন ম্যাচে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে। আজ জিততে না পারলে প্রতিযোগিতায় টিকে থাকা আরও কঠিন হয়ে পড়বে।
মাঠে হংকং, আর পর্দায় কোটি ফুটবলপ্রেমী—আজ সন্ধ্যায় সবাই একসঙ্গে খুঁজবে বাংলাদেশের জয়ের গল্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *