স্টাফ রিপোর্টার | ঢাকা
দেশে অবৈধ ও ক্লোন আইএমইআইযুক্ত মুঠোফোন বন্ধ করতে আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালু করছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নতুন এই ব্যবস্থায় কেবল অনুমোদিত, মানসম্মত ও বৈধভাবে আমদানি করা মোবাইল ফোনই দেশের নেটওয়ার্কে সচল থাকবে।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের প্রতিবেদনে দেখা গেছে—দেশের মোট ডিজিটাল জালিয়াতির ৭৩ শতাংশই ঘটে অবৈধ ডিভাইস ও সিম ব্যবহার করে। এনইআইআর চালু হলে এই ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমবে। অবৈধ হ্যান্ডসেট ব্যবহারে প্রতিবছর সরকারের প্রায় ৫০০ কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়।
নতুন ফোন কেনার আগে যা জানবেন
১৬ ডিসেম্বর থেকে অনলাইন, ই-কমার্স বা দোকান—যেখান থেকেই ফোন কেনা হোক, আগে তার আইএমইআই বৈধতা যাচাই করা বাধ্যতামূলক।
যেভাবে যাচাই করবেন:
১) মেসেজে লিখুন: KYD<স্পেস>১৫ ডিজিটের IMEI নম্বর
উদাহরণ: KYD 123456789012345
২) পাঠিয়ে দিন ১৬০০২ নাম্বারে
৩) ফিরতি বার্তায় জানানো হবে ফোনটি বৈধ কিনা
ফোন বৈধ হলে এটি স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর সিস্টেমে নিবন্ধিত হয়ে যাবে।
বিদেশ থেকে কেনা বা উপহার পাওয়া ফোন: ৩০ দিনের মধ্যে নিবন্ধন
দেশে প্রবেশের পর বিদেশ থেকে কেনা বা উপহার পাওয়া ফোন প্রাথমিকভাবে নেটওয়ার্কে চালু থাকবে। পরে এসএমএসের মাধ্যমে নিবন্ধনের নির্দেশনা যাবে।
অনলাইন নিবন্ধনের ধাপ:
১) ভিজিট করুন: neir.btrc.gov.bd
২) ব্যক্তিগত অ্যাকাউন্ট রেজিস্টার করুন
৩) Special Registration–এ গিয়ে IMEI নম্বর দিন
৪) পাসপোর্ট, ভিসা/ইমিগ্রেশন সিল, ক্রয় রশিদসহ প্রয়োজনীয় নথি আপলোড করে সাবমিট করুন
তথ্য যাচাইয়ের পর বৈধ ফোন নেটওয়ার্কে সক্রিয় থাকবে। অবৈধ হলে গ্রাহককে এসএমএসে জানিয়ে ফোনটি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে।
বিদেশ থেকে আনতে পারবেন কতটি ফোন
যাত্রী ব্যাগেজ নিয়ম অনুযায়ী—
- আগে ব্যবহৃত ১টি ব্যক্তিগত ফোন বাদে
- ১টি ফোন বিনা শুল্কে আনতে পারবেন
- শুল্ক দিয়ে আরও ১টি আনতে পারবেন
উপহার বা এয়ার মেইলে পাওয়া ফোনের জন্য প্রয়োজনীয় নথি
- প্রেরক/প্রাপকের জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট (প্রযোজ্য ক্ষেত্রে)
- ক্রয় রসিদ
- শুল্ক প্রদান রসিদ (যদি অতিরিক্ত ফোন হয়)
- উপহার হলে দাতার প্রত্যয়নপত্র
বর্তমানে ব্যবহৃত ফোন কি বৈধ?
১৬ ডিসেম্বরের আগে যেসব ফোন নেটওয়ার্কে ব্যবহৃত হচ্ছে—সবগুলোই স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর সিস্টেমে নিবন্ধিত হবে।
অবস্থা যাচাই করতে:
- ডায়াল করুন: *16161#
- IMEI নম্বর দিন
- ফিরতি বার্তায় পাবেন হালনাগাদ অবস্থা