স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহূর্তে প্রস্তুতিমূলক কার্যক্রম দ্রুত শেষ করতে তৎপর হয়ে উঠেছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে আগামী ১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে কমিশন।
ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, নির্বাচনী সামগ্রী সংগ্রহ, আইন সংশোধন, এবং ভোটার তালিকা হালনাগাদসহ নির্বাচনের সব মৌলিক প্রস্তুতি নভেম্বরের মধ্যেই সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে ইসি। ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণার আগেই সব প্রস্তুতি শেষ হবে বলে আশা করা হচ্ছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১২কোটি ৭৬লাখ ১২হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬কোটি ৪৭লাখ ৬০হাজার ৩৮২ জন, নারী ভোটার ৬কোটি ২৮লাখ ৫০হাজার ৭৭২ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ১হাজার ২৩০ জন।
গত ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দুই মাসে নতুন ভোটার যুক্ত হয়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আগামী ১৮ নভেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। এর আগে ১৭ নভেম্বর পর্যন্ত ভোটার তালিকা নিয়ে দাবি-আপত্তি জানানোর সুযোগ থাকবে।