জিম্বাবুয়ে পেল টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক | সুতিয়া নিউজ

২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিল জিম্বাবুয়ে। আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের সেমিফাইনালে কেনিয়াকে হারিয়ে নিশ্চিত হলো সিকান্দার রাজার দলের বিশ্বকাপ খেলা। এর মধ্য দিয়ে নামিবিয়ার পর আফ্রিকা থেকে দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফাই করল তারা।

টেস্ট খেলুড়ে দেশ হয়েও আগের আসরে খেলতে পারেনি জিম্বাবুয়ে। এবার আর ব্যর্থ হয়নি দলটি। এই যোগ্যতা অর্জনের মধ্য দিয়ে তারা ১৭তম দেশ হিসেবে জায়গা করে নিল আসরের মূলপর্বে। এখন বাকি রয়েছে আরও তিনটি আসন, যা নির্ধারিত হবে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্ব থেকে। আগামী ৮ অক্টোবর থেকে ওমানে শুরু হবে সেই লড়াই। জাপান, কুয়েত, মালয়েশিয়া, নেপাল, ওমান, পাপুয়া নিউগিনি, কাতার, সামোয়া ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে লড়াই হবে তিন স্পটের জন্য।

ইতোমধ্যে আয়োজক ভারত ও শ্রীলঙ্কাসহ আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস, ইতালি ও নামিবিয়া তাদের জায়গা নিশ্চিত করেছে।

📅 সময়সূচি ও ভেন্যু
২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ৮ মার্চ ফাইনাল দিয়ে শেষ হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০ দলের এই আসর যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। ভারতের পাঁচটি ও শ্রীলঙ্কার অন্তত দুটি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

🏆 ফাইনালের শর্ত

  • পাকিস্তান ফাইনালে উঠলে ম্যাচ হবে কলম্বোতে।
  • পাকিস্তান আগেই বিদায় নিলে ফাইনাল অনুষ্ঠিত হবে ভারতের আহমেদাবাদে।

📊 টুর্নামেন্ট কাঠামো

  • ২০ দল, ভাগ হবে ৪ গ্রুপে
  • প্রতি গ্রুপ থেকে ২ দল যাবে সুপার এইটে
  • সুপার এইটে ৮ দল, ভাগ হবে ২ গ্রুপে
  • প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে খেলবে
  • সেখান থেকে ৪ দল যাবে সেমিফাইনালে
  • মোট ম্যাচ: ৫৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *